আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কাছে নেপালের সোলুখুম্বু এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এক ভারতীয় নাগরিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা ১১ মিনিটে সোলুখুম্বুর একটি হেলিপ্যাডে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি হেলিকপ্টার একে অপরের সঙ্গে ধাক্কা খায়।
হিমালয় অধ্যুষিত নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজে ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তবে দেশটির দুর্গম ভ-ূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।
সোলুখুম্বু জেলার একটি তুষারাবৃত স্থানে অবতরণের সময় দুটি ছোট হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি এএফপিকে বলেন, ‘একজন বিদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। আহত অপর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’
তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এর মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট। প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে আসেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























