হাওরাঞ্চলের জীবনযাত্রা, কৃষি, মৎস্যসম্পদ, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে সংবাদ, প্রামাণ্যচিত্র ও বিশেষ অনুষ্ঠান প্রচার করছে সরকারি গণমাধ্যমগুলো।
এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন চিত্র, কৃষি সম্ভাবনা ও পর্যটন অবকাঠামো দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে বিদ্যমান সরকারি গণমাধ্যম ও প্রচার কাঠামোর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে। হাওর পর্যটনের ওপর নতুন অনুষ্ঠান নির্মাণ এবং হাওরাঞ্চলের পরিবেশ সংরক্ষণে পরিবেশবিষয়ক বিশেষ অনুষ্ঠান প্রচারের পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুরের মতো গুরুত্বপূর্ণ হাওর অঞ্চলের জীবনযাত্রার চিত্র তুলে ধরে বাংলাদেশ টেলিভিশনে ‘বাংলার প্রতিচ্ছবি (নিকলী)’ শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কিশোরগঞ্জে একজন হাওর সংবাদদাতা ও একজন জেলা সংবাদদাতা নিয়োজিত রয়েছেন। তারা নিয়মিত হাওর অঞ্চলের জীবনযাত্রা, স্থানীয় সমস্যা, কৃষি, মৎস্যসম্পদ ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে সংবাদ সংগ্রহ করে বাসসের প্রধান কার্যালয়ে পাঠান। পরে সম্পাদনার মাধ্যমে এসব সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, হাওরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও লোকজ ঐতিহ্য প্রচারের ক্ষেত্রে জাতীয় গণমাধ্যমগুলোর কোনো কাঠামোগত উদাসীনতা নেই। তবে ভৌগোলিক দুর্গমতা, যোগাযোগ ও প্রযুক্তিগত অবকাঠামোর সীমাবদ্ধতা এবং মৌসুমভেদে সংবাদ ও অনুষ্ঠান ধারণের প্রতিকূলতার কারণে সব ক্ষেত্রে প্রত্যাশিত মাত্রায় প্রচার সম্ভব হয় না।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ ও বিষয়বস্তুর অগ্রাধিকারের কারণেও হাওরাঞ্চলভিত্তিক বিষয়গুলোর প্রচার কখনো সীমিত থাকে। তা সত্ত্বেও জাতীয় গণমাধ্যম বিভিন্ন সংবাদ, অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র ও বিশেষ আয়োজনের মাধ্যমে হাওরাঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও লোকজ ঐতিহ্য তুলে ধরছে।
তিনি জানান, বর্তমানে পৃথকভাবে একটি বিশেষ ‘হাওর প্রচার সেল’ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে প্রয়োজন ও বাস্তবতার নিরিখে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























