হাবিপ্রবি’র পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পরিবারকে ১লক্ষ টাকা অনুদান দিয়েছে।
গতকাল সোমবার রাতে দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গতকাল সোমবার রাত ৯টায় হাবিপ্রবি’র মেধাবী শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতুর বিরামপুর বাসভবনে তার পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।
এ সময় হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. মো. এরফান আলী খোন্দকার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সাইফুর রহমান,পরিসংখ্যান বিভাগের প্রফেসর মো. জিয়াউল হাসান, সহকারী প্রক্টর কাজী মো. ইউসুফসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
হাবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান বাসস’কে বলেন, মেধাবী শিক্ষার্থী জিতুর সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। মেধাবী, বিনয়ী ও সম্ভাবনাময় এই শিক্ষার্থী ছিল পরিবার ও হাবিপ্রবি’র গর্ব। তার এই চলে যাওয়া আমাদের প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি।
আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















