একসময় ছিল শুধু নাম। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি অনুমোদন মিললেও কার্যক্রম শুরু হবে কি না, তা নিয়েই ছিল অনিশ্চয়তা। নিজস্ব ভবন ছিল না, ছিল না শিক্ষার্থী, শিক্ষক বা নিয়মিত একাডেমিক কার্যক্রমও।
দুই বছর পর সেই চিত্র বদলেছে। দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি হয়েছে, নিয়মিত ক্লাস চলছে। তৈরি হয়েছে লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও আধুনিক পাঠদানের সুযোগ।
এভাবেই ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে নওগাঁ বিশ্ববিদ্যালয়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে হিসাববিজ্ঞান ও আইন বিভাগে শিক্ষার্থী ভর্তি করে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হয়।
দুটি বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী বর্তমানে প্রথম বর্ষে পড়াশোনা করছেন। আরও বিভাগ চালুর প্রক্রিয়াও চলছে। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
উপাচার্য ড. হাছানাত আলী বিশ্ববিদ্যালয়ে যোগদানের দুই বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতির চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি নওগাঁ বিশ্ববিদ্যালয় আইনি অনুমোদন পায়। ওই বছরের ১১ জুন প্রথম উপাচার্য হিসেবে যোগ দেন ড. আবুল কালাম আজাদ।
তবে এরপরও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তেমনভাবে শুরু হয়নি। প্রতিষ্ঠানটি আদৌ চালু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
পরিস্থিতির পরিবর্তন আসে ২০২৪ সালের ৭ অক্টোবর। ওই দিন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ড. হাছানাত আলী। তাঁর দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার উদ্যোগ গতি পায়।
নিজস্ব ভবন না থাকায় দুটি ভবন ভাড়া নিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। একটি ভবনে একাডেমিক ও প্রশাসনিক কাজ এবং অন্যটিতে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়টিতে এখন একজন উপাচার্য, একজন উপ-উপাচার্য, আটজন শিক্ষক এবং ১৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে আধুনিক রিডিং রুম, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও ভিজিটরস লাইব্রেরি।
শ্রেণিকক্ষেও যুক্ত হয়েছে প্রযুক্তি। ডিজিটাল বোর্ড ও মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নু বলেন, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে যে আধুনিক পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে, তা শিক্ষার্থীদের আকৃষ্ট করছে। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও এ ধরনের আধুনিক পাঠদান পদ্ধতি দেখা যায় না।
বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রার মধ্যেই উপাচার্য ড. হাছানাত আলীর দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীরা আয়োজন করেন বিশেষ অনুষ্ঠানের। শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও।
উপ-উপাচার্য ড. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য ড. হাছানাত আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুম, জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কায়েস উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
পরে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা কেক কেটে উপাচার্যের দুই বছর পূর্তি উদ্যাপন করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















