আর মাত্র ৭ দিন পর বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস। উৎসবের আমেজে বদলাতে শুরু করেছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালনধাম।
এরইমধ্যে মাজার প্রাঙ্গণে চলছে রং ও সাজসজ্জার কাজ। মঞ্চের সামনে বাঁশের খুঁটি স্থাপনসহ বিভিন্ন প্রস্তুতিও শুরু হয়েছে। উৎসবকে ঘিরে বিভিন্ন স্থান থেকে দোকানিরা আসতে শুরু করেছেন। সব মিলিয়ে ধীরে ধীরে জমে উঠছে লালনধামের পরিবেশ।
আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, তিরোধান দিবসের আয়োজনকে সামনে রেখে লালন আখড়াবাড়ি ও মাজার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শ্রমিকরা বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকায় রঙের কাজ করছেন। পাশাপাশি উৎসব উপলক্ষে বসতে শুরু করেছে বিভিন্ন দোকান।
আগামী ১৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা। রঙের কাজ, মঞ্চ প্রস্তুতি, দোকানিদের আনাগোনা আর সাধু-ভক্তদের আগমনে এরইমধ্যে উৎসবের বার্তা দিতে শুরু করেছে লালনধাম।
আয়োজকরা জানান, আগামী কয়েক দিনের মধ্যেই লালনধাম পুরোপুরি উৎসবের রূপ নেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, বাউল ও লালনভক্তরা আসতে শুরু করায় প্রতিদিনই বাড়ছে আনাগোনা।
লালন একাডেমির তিরোধান দিবস আয়োজক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু বাসসকে বলেন, তিরোধান দিবসের আয়োজনকে সামনে রেখে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মঞ্চ, সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করা হবে।
লালনভক্ত সবুর বলেন, লালন সাঁইয়ের তিরোধান দিবস আমাদের কাছে শুধু একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার মিলনমেলা। প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন। এবারও আগেভাগেই লালনধামে আসতে শুরু করেছি। এখন থেকেই এখানে উৎসবের আবহ তৈরি হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বাসসকে বলেন, লালন তিরোধান দিবস শুধু কুষ্টিয়ার নয়, এটি বাংলাদেশের লোকসংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি আয়োজন।
তিনি বলেন, লালন তিরোধান দিবসে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ভক্ত ও দর্শনার্থীরা লালনধামে সমবেত হন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও কার্যক্রম নেওয়া হচ্ছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















