সিটিজেন নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ অক্টোবর) বিমানবন্দরের টার্মিনাল ৮ এলাকায় একদল বাংলাদেশি বিক্ষোভকারী তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক নানা অভিযোগ তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা ড. ইউনূসের দিকে কয়েকজন এগিয়ে গিয়ে উচ্চস্বরে কথা বলছেন। তাদের কাউকে ‘ইউ আর আ টেররিস্ট’, ‘হোয়াই ডিড ইউ কাম হিয়ার’ এবং ‘গো ব্যাক’—এ ধরনের মন্তব্য করতে শোনা যায়। কেউ কেউ বাংলাদেশে গণতন্ত্র ক্ষুণ্ন করা এবং পুলিশ সদস্যদের মৃত্যুর জন্য তাকে দায়ী করার অভিযোগও তোলেন।
ঘটনার সময় ড. ইউনূসের সঙ্গে লামিয়া মোরশেদ ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে তাকে নিরাপত্তাকর্মী ও সহযোগীদের ঘেরাটোপে শান্তভাবে সামনে এগিয়ে যেতে দেখা যায়। পরে পরিস্থিতি এড়াতে তাকে বিমানবন্দরের ভেতরের অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
ডেইলি সানের প্রতিবেদন অনুযায়ী, ড. ইউনূস ১২ অক্টোবর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছান। তবে তিনি কী উদ্দেশ্যে নিউইয়র্ক সফর করছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় এবং তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপটও যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে ড. ইউনূসের কার্যালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















