নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় মিরপুর ১০ গোলচত্বরে দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন।
গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল ওহিদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বৃহস্পতিবার। শুনানিকালে তাকে আদালতে আনা হয়। তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এই আসামি মাইটিভির চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় নিজের টিভি চ্যানেলে আন্দোলনের খবর তুলে না ধরে অন্য বিষয় তুলে ধরেন। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত মর্মে তদন্তে উঠে এসেছে। তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।
নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি (বিএনপিপন্থী) আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি বলেন, এ আসামি গত বছরের আগস্ট মাস থেকে গ্রেপ্তার হয়ে জেলে আছেন। এক বছরের বেশি সময় ধরে জেলে। এতদিনেও খবর হয়নি গ্রেপ্তার দেখানোর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই। তিনি অসুস্থ। তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণ থেকে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজ। দুপুরের দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















