শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সরাইল রিজিয়নের আওতাধীন এলাকায় ১২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
এ অঞ্চলের ৬৬৬টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিজিবির সরাইল রিজিয়নের আওতায় জামালপুর থেকে ফেনী পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ অঞ্চলে ১৩টি ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।
দুর্গাপূজা উপলক্ষে মোতায়েন করা ১২৮ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, রিজিয়নের আওতাধীন ৬৬৬টি পূজামণ্ডপ ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো সমস্যায় দ্রুত যোগাযোগের জন্য মন্দির সংশ্লিষ্টদের বিজিবি সদস্যদের ফোন নম্বর দেওয়া হয়েছে।
এছাড়া দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত সেবা নিশ্চিত করতে আটটি বেইস ক্যাম্প স্থাপন করা হবে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গেও সমন্বয় করা হয়েছে।
এ সময় আখাউড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সাধারণ সম্পাদক জুটন বণিক, শ্রী শ্রী রাধামাধব আখড়ার সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদসহ বিজিবির কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















