উত্তরা সংবাদদাতা : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি এবং সুন্নাতে নববীর অনুসরণে মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করার প্রত্যয়ে আগামী ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামী বাংলাদেশের তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতেমা’। ১৮, ১৯ ও ২০ নভেম্বর উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনসংলগ্ন দিয়াবাড়ি ময়দানে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমাকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতিমূলক কার্যক্রম। এরই অংশ হিসেবে ১৬ অক্টোবর, শুক্রবার বাদ জুমা ইজতেমার ময়দানের প্রস্তুতিকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি ও রুকনে শুরা আলহাজ আব্দুল মুবিন আত্তারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সদস্য ও আন্তর্জাতিক জিম্মাদার জনাব মোহাম্মদ কামাল আত্তারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশকোনা দরবার শরীফের পীর সাহেব ও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য মুফতি আব্দুর রহমান আল-কাদেরী এবং দাওয়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও শিক্ষা বোর্ডের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী। এ ছাড়া দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয়, ঢাকা মহানগরী ও বিভিন্ন জেলার দায়িত্বশীল এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আসন্ন ইজতেমার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের মাঝে দ্বীনের সঠিক শিক্ষা ছড়িয়ে দেওয়া, আত্মশুদ্ধির চর্চা বৃদ্ধি এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাত অনুসরণে জীবন গড়ার অনুপ্রেরণা জোগাতে এ ধরনের দ্বীনি সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা ইজতেমার সার্বিক সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং সর্বস্তরের মুসলিম উম্মাহর কাছে ইজতেমার দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আয়োজকদের সূত্রে জানা যায়, ইজতেমাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাসব্যাপী ময়দানের প্রস্তুতিমূলক কার্যক্রম চলবে। এ কাজে শত শত ইসলামী ভাই স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করবেন। মুসল্লিদের সমাগমকে সামনে রেখে ময়দানের প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পন্ন করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কাজ করবেন।
তিন দিনব্যাপী এ ইজতেমায় কোরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি আলোচনা, আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন, ইসলামী আদর্শের অনুশীলন এবং দৈনন্দিন জীবনে সুন্নাতে নববীর অনুসরণের গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি উত্তম আখলাক, মানবিক মূল্যবোধ, পারস্পরিক ভ্রাতৃত্ব ও দ্বীনি জীবনে নিয়মিত আমল-আখলাকের চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
দাওয়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের মুসলিম উম্মাহকে এ তিন দিনব্যাপী সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিয়াবাড়ির এ ইজতেমা দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি ও সুন্নাতে নববীর অনুশীলনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















