নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ বিভাগে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। বৃহস্পতিবার সকালে মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৫টি কলেজের ৫১৯ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। মোট ৫৭টি ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন।
আগামী ৮ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগীয় পর্বের সমাপ্তি হবে এবং এ পর্বের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, সহমর্মিতা ও দলগত মানসিকতা গড়ে তোলে।
খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য উজ্জ্বল ও স্মরণীয় অর্জন বয়ে আনা সম্ভব উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী এবং এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ছফির উদ্দিন, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম শামসুজ্জামান, মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















