কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–এর যৌথ দল।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে টেকনাফ থানার বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় কুখ্যাত মানবপাচারকারী মো. আব্দুল আলীর বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির একটি গুদামঘরে আটকে রাখা অবস্থায় নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে:
সংগঠিত পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মানবপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।