জাকির ফরাজী, পিরোজপুর:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব।’
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘বিএনপির আমাদের শিখিয়ে দিতে হবে না, আমরা কীভাবে কর্মসূচি করব। তারা বলছে এটা লংমার্চ নয়, রোডমার্চ; কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদেরটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর তাঁরটা যদি লংমার্চ হয়, তাহলে আমাদেরটাও লংমার্চ।’
তিনি বলেন, ‘বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছিল। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চ শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা সেই বালুর ট্রাকও সরাতে পারেননি। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করতে হবে না।’
বিএনপির পক্ষ থেকে এনসিপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা হলে এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন সারজিস। তিনি বলেন, ‘বিএনপি যদি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি এর ফলাফল কখনো ভালো হবে না।’
বাক্স্বাধীনতা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির একজন নেতা প্রধানমন্ত্রীর সমালোচনা করে সাংগঠনিক ব্যবস্থার মুখে পড়েছিলেন। তাঁর ভাষা গ্রহণযোগ্য না হওয়ায় দল ব্যবস্থা নিয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে একজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে ও রিমান্ডে নিয়েছে এবং এখনো জামিন দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘তারেক রহমান যে বাক্স্বাধীনতার কথা বলেন, এগুলো যদি সত্য হয়, তাহলে সমালোচনা করলেই কাউকে গ্রেপ্তার, জেল ও মিথ্যা মামলা দেওয়া হতে পারে না।’
এনসিপির নেতা সিফাতের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে সারজিস বলেন, ‘সে যে গালি দিয়েছে, আমরা সেই গালিকে সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটিকে আমরা মিথ্যা মামলা মনে করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবির। এ সময় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















