ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১০৫ রানে আউট হন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছিলো বাংলাদেশ। সাদমান ৯৯ ও লিটন দাস ১০ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনের দ্বিতীয় বলে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩২তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরির দেখা পান সাদমান। ২২১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি সাদমান। ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে লেগ বিফোর আউট হন তিনি। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি সাদমান।
২৩৪ বল খেলে ১১টি চারে ১০৫ রান করেন সাদমান।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























