তরিকুল ইসলামঃ
বিশেষ প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের চলমান অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে ইয়াবা নিজেদের হেফাজতে রেখেছিলেন।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে শার্শা উপজেলার টেংরা গ্রামের মাকড়ার বিল এলাকার চার রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে মো. কামরুল হাসান (৪১) এবং লাউতাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে মো. মিলন হোসেন (৩২)।
শার্শা থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল টেংরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে কামরুল হাসানের হেফাজত থেকে জব্দতালিকার মাধ্যমে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ইয়াবা রাখার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, “শার্শাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান আরও কঠোর করা হবে। মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ কিংবা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর এবং অভিযান নিয়মিত চলবে।”
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















