প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, দুর্গোৎসব চলাকালে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে, তাদের কঠোর ভাবে জবাব দিতে হবে।
আজ ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খাঁন আরও বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ভারতের আর্শিবাদ নিয়ে ক্ষমতা দখল করে বসেছিল। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।
তিনি বলেন, বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপরে হামলা, তাদের জমিজমা দখল করেছে আওয়ামী লীগ। মন্দিরে হামলার মতো ঘটনা আওয়ামী লীগের আমলেই বেশি হয়েছে। অথচ, তারা এখন আবার ভারতে বসে দেশের নির্বাচিত বিএনপির সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
রাশেদ বলেন, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজার সময় বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র রুখে দিতে হবে।
এর আগে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















