রাজবাড়ীতে রাইটার্স ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় জেলা শহরের মিলেনিয়াম মার্কেটের তৃতীয় তলায় আয়োজিত এ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের বাংলা ভাষার সংস্কৃতি অত্যন্ত পুরনো। সারা বিশ্ব খুঁজে এমন একটি সমৃদ্ধ ভাষা খুঁজে পাওয়া যাবে না।
রাইটার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্যের জন্য শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, বাংলা ভাষা অনেক চড়াই উতরাই পার করে আজ এখানে এসেছে। এটি চর্চা করা খুবই প্রয়োজন। আশা করি ক্লাবটি শুদ্ধ বাংলা ভাষা চর্চায় জোরালো ভূমিকা রাখবে।
অধ্যাপক সালাম তাসিরের সভাপতিত্বে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, রাজবাড়ী জেলা জাসাসের রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাজী মিজানুর রহমান পলাশ, লেখক চৌধুরী এহসান করিম ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ আব্দুর রউফ।
অনুষ্ঠানে বক্তারা ‘রাজবাড়ী রাইটার্স ক্লাব’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজবাড়ীর লেখক, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাহিত্যচর্চার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে নিজেদের আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















