বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা কাল থেকে শুরু হচ্ছে। চারদিনব্যপী আয়োজিত এই প্রতিযোগিতা মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এবারের আসরে মোট ৪৯টি ইভেন্টে ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু ও মিট অফিসিয়ালসহ ৮০০ জন অংশগ্রহণ করবেন।
জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)’র সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেলিম মিয়া, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা ও ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ।
ওয়ার্ল্ড এ্যাকোয়াটিক্স এই ইভেন্ট অনুযায়ী নতুনভাবে গত বছর থেকে পুরুষ বিভাগে ৮০০ মিটার ফ্রি স্টাইল, মহিলা বিভাগে ১৫০০ মিটার ফ্রি স্টাইল ও এবং ৪ ১০০ মিটার মিক্সড ফ্রি স্টাইল রিলে (পুরুষ ও মহিলা) এবং ৪ ১০০ মিটার মিক্সড মিডলে রিলে (পুরুষ ও মহিলা) ইভেন্ট অন্তর্ভূক্ত করা হয়েছে। এ কারনে সাঁতারে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া মহিলাদের ৩টি ডাইভিং ইভেন্টসহ ডাইভিংয়ে মোট ৬টি ইভেন্ট ও ওয়াটার পোলোসহ এবারের প্রতিযোগিতায় সব মিলিয়ে ৪৯টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নতুন সংযোজন হিসেবে এবছর বুদ্ধি প্রতিবন্ধি ও শারীরিক প্রতিবন্ধি সাঁতারুদের একটি প্রদর্শনী সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হবে।
নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের জন্য ৫ হাজার টাকা আর্থিক পুরস্কারের ঘোষনা দিয়েছে ফেডারেশন।
সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় খেলা শুরু হলেও এদিন বিকেল ৩টায় সাঁতার প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী মো. আমিনুল হক। এ সময় সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে বগুড়া-৬ (সদর) আসনের এমপি রেজাউল করিম বাদশা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সাঁতার ফেডারেশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত থাকবেন।
আগামী ৩১ অক্টোবর শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
ইলেকট্রনিক স্কোর বোর্ড সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, স্কোর বোর্ড বসানো হয়েছে কয়েক বছর আগে। কিন্তু স্কোর বোর্ডটি অকার্যকর। বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষ অবগত। মিরপুর সুইমিং কমপ্লেক্স একটি আন্তর্জাতিক ভেন্যু। এই ভেন্যুতে স্কোর বোর্ড ছাড়া আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়। আশা করি ক্রীড়া প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যবস্থা নিবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























