জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য তৌফিক আনামের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সনাতন ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আনন্দ আয়োজন করে আসছে সনাতনীরা। যা প্রায় ৩ দশকেরও বেশি সময় থেকে এই উৎসব পালিত হয়ে আসছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তৌফিক আনাম লিখেছেন, “টানা ৪ দিন ধরে সারারাত উচ্চ শব্দে হিন্দিগান ডিজে গান বাজিয়ে যদি আপনাদের ধর্ম পালন করতে হয় তাহলে সেই ধর্মকে CDI।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলছেন অনেকে।
ফেসবুক পোস্টটিতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে ধর্মীয় বিষয় নিয়ে এমন মন্তব্যের যৌক্তিকতা ও শালীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। কেউ কেউ মন্তব্যটিকে ধর্মীয় অনুভূতির প্রতি অবমাননাকর বলে মনে করছেন।
তৌফিক আনামের ফেসবুক প্রোফাইলের পরিচিতি অংশে তাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে তৌফিক আনামের কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।
প্রিন্ট
সীমান্ত, জবি প্রতিনিধি ; 

























