বছরের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আরও ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। একই সঙ্গে স্বীকার করেছেন, তাঁর দল বর্তমানে প্রতিদ্বন্দ্বীতা করার মতো অবস্থায় নেই।
শনিবার সিঙ্গাপুরে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারে ব্রাজিল। যোগ করা সময়ে জাপান নাটকীয় জয়সূচক গোল করার পর লাল কার্ড দেখেন আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়া।
মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচের আগে সিঙ্গাপুরে সাংবাদিকদের আনচেলত্তি বলেন, ‘দল বর্তমানে প্রতিদ্বন্দ্বীতা করার মতো অবস্থায় নেই। তাই আমি আরও বেশি কিছু করতে চাই।’
ব্রাজিলের ইতিহাসে প্রথম স্থায়ী বিদেশি কোচ হিসেবে দায়িত্ব পালন করা ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমি আরও বেশি কিছু করতে চাই, কারণ এখানে থাকতে আমার ভালো লাগে। আমি চাই, আন্তর্জাতিক মঞ্চে দল আরও বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠুক।’
‘আগামীকাল প্রথম অগ্রাধিকার হলো ভালো খেলা এবং ভালো ফল করা।’
সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের কারণে ৬৭ বছর বয়সী আনচেলত্তির ওপর চাপ বাড়ছে। ব্রাজিলের সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচে দুটি হার, দুটি জয় ও একটি ড্র এসেছে।
চলতি বছরের বিশ্বকাপে শেষ ষোলোতে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারের প্রতিশোধ নিয়েছে জাপান।
শনিবারের হারের পর সাবেক ব্রাজিলিয়ান তারকা রোমারিওসহ অনেকের সমালোচনার মুখে পড়েন আনচেলত্তি।
রোমারিওর মন্তব্যকে পাত্তা না দিয়ে আনচেলত্তি বলেন, ‘অন্য সবার মতো তাঁরও নিজের মত প্রকাশের অধিকার রয়েছে।’
তবে সাবেক রিয়াল মাদ্রিদ কোচের দাবি, জাপানের কাছে হার প্রাপ্য ছিল না ব্রাজিলের। শনিবার জাপানের জয়সূচক গোলের আগে ব্রাজিল ফাউলের আবেদন করেছিল। ভিএআর পর্যালোচনার পর সেই আবেদন নাকচ হলে ক্ষোভ প্রকাশ করেন আনচেলত্তি।
তিনি বলেন, জাপানের বিপক্ষে ‘আমাদের হার প্রাপ্য ছিল না’।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























