‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে আজ রাজবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার জেলা বালিকা বিদ্যালয় থেকে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুলে এসে শেষ হয়।
পরে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা মো. আজমিরী হোসেন, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সদর আলী এবং রাজবাড়ী শিশু একাডেমির জেলা কর্মকর্তা বিমল বিশ্বাস।
প্রধান অতিথি’র বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাল্য বিয়ে বন্ধ করা গেলে কন্যা শিশুর শিক্ষার সুযোগ, দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সম্ভাবনা আরো বাড়বে। প্রতিটি মেয়ের জন্য এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা নির্ভয়ে চলাফেরা, পড়াশোনা, মত প্রকাশ এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে।
তিনি কন্যা শিশুর অধিকার রক্ষায় বাল্য বিয়ে প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠার গভীর সম্পর্ক রয়েছে। নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে বর্তমান সরকার নারী প্রধান পরিবারের নামে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করেছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























